
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগ নেতা সেলিম আহমদকে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে উপজেলার বিভিন্ন সড়ক, চৌরাস্তা ও জনবহুল স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানিয়েছে উপজেলা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির। এতে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সেলিম আহমদ সাবেক সিলেট সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০২৪ সালের জুলাই মাসের অভ্যুত্থান-পরবর্তী সহিংস ঘটনাবলিতে হত্যা মামলা সহ প্রায় ডজনখানেক মামলায় তার নাম রয়েছে বলে দাবি করেছে তার বিরোধীরা। তার বাবা-ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এদিকে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির দাবি করছে সেলিম আহমদ দীর্ঘদিন ধরেই পলাতক। ইসলামী ছাত্রশিবিরের নেতাদের বক্তব্য সেলিম আহমদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি যদি বিদেশে অবস্থান করেন, তবে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন,এতগুলো গুরুতর মামলার আসামি একজন ছাত্রলীগ ক্যাডার এখনও কিভাবে বাইরে ঘুরে বেড়ায়, তা জনস্বার্থে প্রশ্নবিদ্ধ। জুলাই-পরবর্তী বাংলাদেশে কোনো খুনির ঠাঁই হবে না। তারা আরও হুশিয়ারি দিয়ে জানান, দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।